বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো – রান্নাঘর। এই কিচেন শুধু রান্নার জায়গা না , এটা পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমও। কিন্তু প্রতিদিনের রান্নার কাজে কিচেন খুব দ্রুত নোংরা হয়ে যায়। তেল – মশলার ছিটেফোঁটা আর খাবারের উচ্ছিষ্ট জমে কিচেন হয়ে উঠে জীবাণুর আখড়া।
তাই প্রতিদিন রান্নাঘর এমন ভাবে ক্লিন করা দরকার যেন রান্নার জায়গা পরিষ্কার ও জীবাণুমুক্ত থাকে। আর এই কাজ করতে মোটেও কষ্ট করতে হবে না। কিছু কমন উপায়েই আপনার কিচেন রাখতে পারেন পরিষ্কার ও রান্নার উপযোগী।
চলুন দেখে নেই কিভাবে মাত্র ৫ উপায়ে কিচেন রাখতে পারবেন ক্লিন আর হাইজেনিক —
রান্নার পরপরই পরিষ্কার করুন
অনেকেই রান্না শেষে কিচেন ক্লিন না করে, খাওয়ার পর কিচেন পরিষ্কার করার কথা ভাবেন। কিন্তু ততক্ষণে চুলা ও কাউন্টারটপে লাগা তেল আর ঝোলের দাগ শুকিয়ে শক্ত হয়ে যায়। যা পরে উঠানো বেশ কষ্টকর হয়। তাই বুদ্ধিমানের কাজ হলো রান্না শেষেই চুলা ও চারপাশটা সাবান পানি দিয়ে মুছে ফেলা। এতে কিচেন তেল চিটচিটে হবে না এবং সবসময় ঝকঝকে থাকবে।
ময়লা জমিয়ে না রেখে ফেলে দিন
কিচেনের ডাস্টবিনে জমে থাকা ময়লা – আবর্জনা থেকেই দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া ছড়ায়। তাই ময়লা না জমিয়ে প্রতিদিনের আবর্জনা প্রতিদিন ফেলে দিন এবং ডাস্টবিনটি হালকা সাবান পানি দিয়ে ধুয়ে নিন। এই ছোট্ট অভ্যাসটা আপনার রান্নাঘরকে মাছি ও পোকামাকড় মুক্ত রাখতে সাহায্য করবে।
চুলা ও গ্যাস স্টোভের যত্ন দিন
রান্নার সময় তেল ও মশলা ছিটে চুলার চারপাশ চিটচিটে আর নোংরা হয়ে যায়। এটা যেমন দেখতে খারাপ লাগে, তেমনি আগুনের তাপে ময়লা জমে আরো শক্ত হয়ে যায়। তাই প্রতিদিন অন্তত একবার ডিটারজেন্ট বা কিচেন ক্লিনার দিয়ে স্টোভ পরিষ্কার করার অভ্যাস করুন। এতে আপনার চুলা ও কিচেন সবসময় থাকবে নতুনের মতো।
সিঙ্ক থাকুক সবসময় ফ্রেশ
থালাবাসন ধোয়ার সিঙ্ক আলাদা করে পরিষ্কার করা দরকার। কারণ বাসন ধোয়ার পর সিঙ্কে খাবারের কণা, তেল , ঝোল ইত্যাদি লেগে থাকতে পারে। যা থেকে ভয়াবহ দুর্গন্ধ এবং জীবাণু ছড়াতে পারে। তাই প্রতিদিন সব কাজ শেষে কিচেনের সিঙ্ক পরিষ্কার করে রাখুন। আর সপ্তাহে অন্তত একবার গরম পানি ও বেকিং সোডা দিয়ে সিঙ্কের ড্রেন পরিষ্কার করুন।
রান্নার জায়গা শুকনো রাখুন
কিচেনের স্ল্যাব , কাউন্টারটপ আর মেজেতে পানি জমে থাকতে দেবেন না। কারণ ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশ জীবাণু ও ছত্রাকের সবচেয়ে পছন্দের জায়গা। তাই পানি পড়লেই মুছে ফেলুন আর কিচেন রাখুন জীবাণুমুক্ত।
সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং
প্রতিদিন পুরো কিচেন পরিষ্কার করা বেশ চ্যালেঞ্জিং। তাই কিচেনের জন্য একটা সাপ্তাহিক ডিপ ক্লিনিং প্ল্যান তৈরি করুন। সপ্তাহে অন্তত একদিন কিচেনের চিমনি , কেবিনেট, জানালা ও গ্লাস, ফ্রিজ ও মশলার বয়াম গুলো পরিষ্কার করে রাখুন। তাহলে পুরো সপ্তাহ আপনার কিচেন জুড়েই থাকবে ক্লিন ও ব্যবহারের উপযোগী।
শেষ কথা
রান্নাঘর পরিবারের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করে। আর আপনার রান্নার জায়গা পরিস্কার ও গোছানো থাকলে রান্নার কাজও সহজ ও আনন্দের হবে। তাই অন্যান্য ঘরের তুলনায় রান্নাঘরের একটু বাড়তি যত্ন নিন। আজ থেকেই এই ছোট ছোট অভ্যাসগুলো অনুসরণ করুন। তাহলে আপনিও আপনার রান্নাঘরের রাখতে পারবেন নতুনের মতো ঝকঝকে, পরিষ্কার ও জীবাণুমুক্ত।