সবাই চায় শখের ঘরটা যেন গোছালো আর পরিপাটি থাকে। কারণ দিন শেষে এই ঘরটাই আমাদের আরামের একমাত্র জায়গা। কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় ঘর পরিষ্কার রাখা অনেকের কাছেই বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। কিন্তু আপনি কি জানেন ঘর গোছানো মোটেও কোনো রকেট সায়েন্স না। বরং চাইলেই প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন করেই আপনার শখের ঘরটাকে রাখতে পারেন একদম নতুনের মতো চকচকে ও পরিপাটি।
আমাদের আজকের ব্লগে আমরা ঘর গোছানোর এমন ৭টি স্মার্ট টিপস শেয়ার করবো যা আপনার ঘরকে রাখবে ক্লিন আর কমফোর্টেবল প্রতিদিন।
একবারে নয়, প্রতিদিন করুন অল্প অল্প
পুরো সপ্তাহের ক্লিনিং কাজ একদিনের জন্য জমিয়ে না রেখে প্রতিদিনের কাজ প্রতিদিন করার অভ্যাস করুন। এতে একসাথে অনেক কাজ জমে থাকবে না , কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। আবার সব কাজ সুন্দর ও পরিচ্ছন্নতার সাথে করতে পারবেন। যেমন – রাতে ঘুমানোর আগে লিভিং রুমের কুশনগুলো গুছিয়ে রাখা, শুকিয়ে যাওয়া কাপড়গুলো ভাজ করে জায়গা মতো রাখা। এমন ছোট ছোট অভ্যাস গুলোই আপনার কাজের প্রেসার অর্ধেক কমিয়ে দেবে।
ডাস্টিং হোক প্রতিদিন
ঘরের সৌন্দর্যের একটা প্রধান উপাদান ফার্নিচার। আর এই ফার্নিচার যদি ঠিক মতো ক্লিন না থাকে তাহলে পুরো ঘরটাই দেখতে পুরোনো ও অপরিষ্কার লাগে। তাই প্রতিদিন মাইক্রোফাইবার কাপড় দিয়ে হালকা ডাস্টিং করুন। এতে আপনার ঘরের ফার্নিচার সবসময় নতুনের মতো উজ্জ্বল থাকবে।
ঘরের মেঝে রাখুন একদম ফ্রি
বাড়ির মেঝেতে যদি জুতা, ব্যাগ অথবা খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে ঘর যতই পরিষ্কার করুন না কেন, ঘর অগোছালোই দেখাবে। তাই সবসময় ঘরের মেঝে পরিষ্কার ও হাঁটার জন্য ফাঁকা রাখার চেষ্টা করুন। এতে করে ঘর গোছালো ও পরিপাটি দেখাবে।
কিচেন ও বাথরুমের পরিচ্ছন্নতা
প্রতিদিন রান্না পর কিচেন তেল চিটচিটে হয়ে যাওয়াটা স্বাভাবিক। কাজ জমিয়ে রাখলে এই তেল উঠানো অনেক কষ্টকর হয়ে যায়। তাই রান্না শেষেই কিচেন কাউন্টার টপ ও ওয়াল মুছে রাখুন। আর বাথরুমের ফ্লোর সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। এতে বাথরুম স্যাঁতসেঁতে হবে না আর ফ্লোর ও কমোডে দাগও পড়বে না।
দাগ ফেলে রাখবেন না
ফ্লোর, দেয়ালে বা গ্লাসে কোনো দাগ লাগলে তা সাথে সাথেই ক্লিন করার চেষ্টা করুন। কারণ দাগ যত পুরনো হবে, ক্লিন করা ততই কঠিন হয়ে পড়ে। তাই দাগ পড়লেই সাথে সাথে এক টুকরো ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলুন, তাহলে আপনার ঘর সবসময় থাকবে ক্লিন ও স্পটলেস।
প্রয়োজনের অধিক কিছুই নয়
ঘর সবসময় পরিপাটি রাখার প্রথম শর্ত ‘ক্ল্যাটার’ , অর্থ অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া। আমাদের ঘরে এমন অনেক কিছুই থাকে যার প্রয়োজন নেই। এসব জিনিস যেমন জায়গা নষ্ট করে ,তেমনি ঘরকে করে আটশাট ও অস্বস্তিকর। তাই প্রয়োজনের অধিক কিছুই রাখবেন না। এতে ঘর গোছানো সহজ হবে আর ঘরের পরিবেশ হালকা থাকবে।
ঘরে ছোট ছোট জিনিসও ক্লিন করুন
আমরা ঘরের সব ফার্নিচার পরিষ্কার করলেও, অনেক সময় ছোট ছোট জিনিসও যেমন সুইচ বোর্ড, দরজার হ্যান্ডেল , জানালার গ্রিল এসবের কথা ভুলেই যাই। কিন্তু এই ছোট বিষয় গুলো পরিষ্কার রাখলে ঘর আরো চকচকে ও উজ্জ্বল দেখায়। তাই মাসে অন্তত একবার এই ডিটেইলসগুলো পরিষ্কার করুন।
শেষ কথা
আপনার ঘরের প্রতি কোণ আপনার পার্সোনালিটির অংশ। ঘর পরিষ্কার – পরিচ্ছন্ন রাখা শুধু আপনার রুচিশীলতাকে বোঝায়না, বরং জীবনকে করে সহজ ও স্বাস্থ্যকর। তাই এই সহজ টিপস গুলো আজ থেকেই শুরু করুন, আর আপনার ঘর প্রতিদিনই থাকবে নতুনের মতো।